আসন্ন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। ছবিটির ট্রেলার ও ‘তাবাহি’ গানে সহশিল্পী যশের সঙ্গে কিয়ারা আদভানির কিছু অন্তরঙ্গ দৃশ্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন এই বলিউড অভিনেত্রী।
এমন পরিস্থিতিতে স্ত্রীর সমর্থনে এগিয়ে এসেছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। কিয়ারার পাশে দাঁড়িয়েছেন ছবির সহশিল্পী যশও।
সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে সিনেমাটির ট্রেলার শেয়ার করে কিয়ারার প্রশংসা করেন সিদ্ধার্থ। স্ত্রীর পরিশ্রম, নিষ্ঠা ও কাজের প্রতি ভালোবাসার কথা তুলে ধরে তিনি জানান, বড় পর্দায় কিয়ারার কঠোর পরিশ্রম স্পষ্টভাবে ফুটে উঠবে। এটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হতে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে পরিচালক গীতু মোহনদাস, যশ এবং সিনেমাটির পুরো টিমের প্রশংসা করে ছবিটি দেখার আগ্রহ প্রকাশ করেন সিদ্ধার্থ। আগামী ২৬ আগস্ট সিনেমাটি মুক্তির কথা উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে শুভকামনাও জানান তিনি।
এদিকে ‘তাবাহি’ গানে যশ ও কিয়ারার ঘনিষ্ঠ কিছু দৃশ্য প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্যের মুখে পড়তে হচ্ছে কিয়ারাকে। বিষয়টি নিয়ে অনলাইনে সমালোচনা ও কটাক্ষও চলছে।
তবে নেতিবাচক মন্তব্যকে গুরুত্ব না দিয়ে নিজের কাজে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন যশ। শনিবার বেঙ্গালুরুতে সিনেমাটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে কিয়ারার অভিনয় ও চরিত্রের প্রতি তার নিবেদনের প্রশংসা করেন তিনি।
যশ বলেন, কিয়ারা চরিত্রটির জন্য যে নিষ্ঠা ও একাগ্রতা দেখিয়েছেন, তা প্রশংসনীয়। নেতিবাচক মন্তব্যে কান না দিয়ে নিজের বিশ্বাস ও কাজের প্রতি আস্থা রাখার পরামর্শও দেন তিনি। দর্শক শেষ পর্যন্ত কিয়ারার কাজের যথাযথ মূল্যায়ন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন এই অভিনেতা।
গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমায় যশ ও কিয়ারা আদভানি ছাড়াও অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, হুমা কুরেশি ও তারা সুতারিয়া।


